অপেক্ষা, অবসান! লাল সাদা- সেই ভিনদেশী অজানা বন্ধুর জন্য আজকের লেখা!

অপেক্ষা, অবসান! লাল সাদা- সেই ভিনদেশী অজানা বন্ধুর জন্য আজকের লেখা!
২০১৪ সাল, লণ্ডন্নের রাস্তায় ঘুরছি। ট্রাফালগার স্কোয়ারে লোকে লোকরণ্য- এর মধ্যে হঠাৎ দেখি এক বয়স্ক মানুষ একটা লাল সাদা পতাকা বুকে আঁকড়ে ধরে আছে, একটা সাইড দেওয়াল খুঁজছে সেটা টানাবে বলে। ফুটবল সম্পর্কে একটু আধটু উৎসাহ থাকায় গিয়ে ওনাকে সটান জিজ্ঞেস করলাম- আজ কি আর্সেনল কিছু জিতেছে? উনি যেন ধড়ে প্রাণ ফিরে পেয়েছেন প্রশ্ন টা শুনে- "হ্যা আমরা বহু দিন পরে একটা কাপ জিতেছি।" খোঁজ নিয়ে জানতে পারলাম একটা অনামী কাপ জিতেছে ওনার দল বহু দিন পর। তারপর? উনি এমন একটা কথা বললেন যা যেকোন দলের ফ্যান সারা জীবন বলতে চাইবেন-  "অনেক দিন আমরা কিছু জিতি নি, আজ ভালো লাগছে জিতে। আমি আজন্ম অপেক্ষা করবো আমার দল জেতার জন্য, আমার বয়স ৭৪, আজকের পরে জানি না আবার কবে জিততে পারবো, আপনি কি আমাকে ফ্ল্যাগ টা টানাতে একটু সাহায্য করবেন?" - জীবনে রাস্তায় কোনো ফ্ল্যাগ না টানানো হাত দুটো অজান্তে হ্যা বলে দিল!
আজ দীর্ঘ বাইশ বছর পরে আর্সেনল বৃটিশ কুলের ফুটবল শিরোমণি জিতেছে- প্রিমিয়র লীগ। সেই ৭৪ এর রাস্তার অজানা ইংরেজ বন্ধু, জানি না আপনি বেঁচে আছেন কি না, বেঁচে থাকলে আজ আপনার বয়স হবে ৮৬। আমাদের আর কোনোদিন দেখা হয়নি, হবেও না। কিন্তু আজ আপনার দল জিতেছে, আমি আমার সামাজিক ওয়ালে আপনার হয়ে খবর টা টানিয়ে দিলাম সেই দুই হাতে, ২২ বছর পর জয় !!! সাদা লাল এর জয়।

পুনশ্চ- ২০১৪ ,ইংল্যণ্ড এর রাস্তা শিখিয়ে দিয়ে গেল
ফ্যান রা যুগের পর যুগ অপেক্ষা করতে পারে দলের প্রত্যাবর্তন এর জন্য!
©️অভ্রজ্যোতি ঘোষ। ২০ মে ২০২৬


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"