খেলার মধ্যে লেখা। আগামীর বাংলা শেখা।।
ধুত্তোর, এই প্যাপ্যা আওয়াজ টা তুই বন্ধ করবি কিনা বল? তখন থেকে ঘণ্টার পর ঘণ্টা বিরামহীন ভাবে মোবাইল দেখেই চলেছিস। বইমেলা থেকে এতো সুন্দর সব গল্পের বই নিয়ে এলি, একটাও উল্টে দেখেছিস এর মধ্যে? না শুধু মোবাইল আর মোবাইল। রাগে বিরক্ত হয়ে মনার কথা গুলো আছড়ে পড়ল মোবাইলে মগ্ন সাত বছরের ছেলে বুবাইর কানে। তুমি আমার পানে চেয়ে থাকো মুডে মায়ের পানে না তাকিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ সেটে দিয়েছে। মা কিছু উত্তর আশা করছে বুঝে ঝড়ের বেগে দায়সারা উত্তর একটা দিলো- সব বই পড়া হয়ে গেছে মা, তাই মোবাইল দেখছি, গেম্স খেলছি। এই কথা বলার পরমুহূর্তেই আবার হঠাৎ আকাশ-বাতাস কাঁপিয়ে চেঁচিয়ে উঠল- গোওওল, মেসি কে দিয়ে ফিফা গেমসে গোল দিলাম আমি, ইয়েস মেসি-ইয়েস মেসি। তারপর উত্তেজিত স্বরে গাইতে থাকলো- "বারা বারা বারা, বেরে বেরে বেরে - ওলালা মা লাই লা"। এদিকে সব বই পড়ে নিয়েছি শুনে বিস্মিত মা যখন সবে অগ্নিশর্মা হয়ে কি কি বই পড়েছে জিজ্ঞেস করতে যাবে ঠিক তার আগেই, তার সামনেই বিনা মেঘে "বারা বারা বারা, বেরে বেরে বেরে" বারি ধারা মুষলবেগে আছড়ে পড়েছে! ছেলের গানের লিরিক্স এর প্রভাবে ভূতের রাজার বরের ভরে থতমত খেয়ে একদম ...