পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই
পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই
স্রষ্টা- তাপস রায়
প্রকাশক- পত্রপাঠ প্রকাশনী Samrat Hui
শ্রীচৈতন্য পরবর্তী বাংলায় বৈষ্ণব প্রভাব এবং সেই সময়ের প্রেক্ষিতে বিভিন্ন বিষয় গুলির সুন্দর একটি উপস্থাপন এই কাহিনী। সময় কাল পঞ্চদশ শতক এর পর, চৈতন্য দেব নেই - নিত্যানন্দের অন্তিম কাল সমাগত, এই প্রেক্ষাপটে বৈষ্ণব নায়ক হিসেবে নিত্যানন্দ পুত্র বীরভদ্র এর প্রকাশ। যদিও বাহ্যিক ভাবে বীরভদ্র প্রভাব বিস্তার করলেও তাঁর মধ্যে চৈতন্যদেবের এক অপ্রকাশিত প্রভাব জাগ্রত হয়। সেইসময়ে মুসলিম এবং হিন্দু ব্রাহ্মণ্যবাদ যখন বৌদ্ধ দের দুই দিক থেকে নিষ্পেষণ করছে ঠিক সেই সময়ে বীরভদ্র সেই অসহায় বৌদ্ধ দের উদ্ধারে অবতীর্ণ হয়। যদিও নিজে বিচলিত, অন্য ধর্ম কে সরিয়ে নিজ ধর্ম মাহাত্ম্য প্রতিষ্ঠা তার কাছে গরিমার বিষয় নয়। বীরভদ্রের ইচ্ছা জাগে সব ধর্মই থাকুক আপন মতে, মিলে মিশে। সেই পথে চলতে গিয়েই বৌদ্ধ বজ্রযান প্রভাবে দেখা মেলে চৈতন্যের সাথেই হারিয়ে যাওয়া এক সহজ পথের- সহজিয়া পন্থা।। অনেক স্থানে হাইপথেটিকিকল ভাবে আলোচিত হয়েছিল শ্রী চৈতন্যের সহজিয়া প্রেম এর কথা - কিন্তু এই উপন্যাসে দেখলাম সেই পন্থা কিভাবে বাংলায় বৈষ্ণব মতে মিলে মিশে গিয়ে এক নতুন পথের সন্ধান দিয়েছে সেই বিষয়ে একটি ছবি এঁকে দিয়েছে শব্দ দিয়ে । সাথে আরও অনেক বিষয়ও স্পর্শ করে গেছে- যেমন: বৃন্দাবনের কঠিন পথের বদলে নিত্যানন্দ কিংবা বীরভদ্রের বাস্তব ধর্মী ধারায় সকল মানুষ কে স্পর্শ করে এমন উপায় প্রচার ; আজকের আধুনিক যুগের সংগঠনের মতন নিত্যানন্দ এক দ্বাদশ গোপাল সংগঠন তৈরী; কিংবা সকল মানুষ কে নিয়ে একসাথে চলার পথ খোঁজা । এর সাথে অবশ্যই উল্লেখ করতে হয় দুই শক্তিশালী নারী চরিত্রের- এরা এই উপন্যাসের দুই প্রান্তধার দিয়ে এগিয়ে নিয়ে যায় বীরভদ্র কে। প্রথমজন হোলো-জাহ্নবা ; নিত্যানন্দের দ্বিতীয় পত্নী এবং বীরভদ্রের সৎ মা। নিত্যানন্দের মৃত্যুর পরে তার বিধবা পত্নী জাহ্নবা ও বীরভদ্রের মধ্যে ক্ষমতার দখল যদি এক সংঘাত এর প্রকাশ হয় তাহলে আরেক নারী চরিত্র উপালা বীরভদ্র কে পূর্ণতা দেয় - সে হোলো বৌদ্ধ থেকে বৈষ্ণব হওয়া নেড়ানেড়ি সম্প্রদায়ের নেত্রী। সবমিলিয়ে অনেক বিষয়কে লেখক সুন্দর ভাবে বেঁধেছেন এক উপন্যাসের মধ্যে। পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ লেখক ও প্রকাশক কে, এরকম ভিন্নধর্মী বিষয় প্রকাশ করার জন্য।
©️ অভ্রজ্যোতি ঘোষ। ৯ জানুয়ারি ২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন