দুই বৃন্তে দুটি কুসুম দুটিই বিদ্যমান সঠিক নজরে দুইয়েরই আছে ভালোবাসার ঘ্রাণ।

আসলে ভুল হচ্ছিল। নববর্ষের পুণ্য প্রভাতে সেই ভুল টা ভঙ্গ হোলো। দেখি একদিকে গন্ধরাজ আরেকদিকে বেল ফুল দুই ভাইই নিজের স্বতন্ত্র অস্তিত্ব প্রকাশ করেছে, অনেক দিনের পরে- অনেক লড়াই শেষে। অনেক ভুলের মাশুল গুণে।প্রশ্ন জাগছে কি সেই ভুল?

হ্যা, আসল ভুল টা ছিল এইদুই গাছের লালন পালন কর্তার - আমার। আর আমি ভেবে গিয়েছি এটা এই দুই গাছের লড়াই এর ভুল! আমি দুটি ভিন্ন প্রজাতি কে ভেবে এসেছি এক ঘরে এক টবে রাখলে আমাকে বেশী খাটতে হবে না! দুইয়েই ফুল দেবে আমাকে। কিন্তু দেখলাম প্রথম বছর জলের পর জল ঢাললাম, কেউই ফুল দিল না। পরের বছর দুই গাছের মধ্যে অস্তিত্ব বিস্তার এর লড়াই শুরু হোলো। বেলফুল গাছ কে ভালো বেসে, একটু খাটো চেহারা দেখে তাকে বাড়তে দিলাম, ভাবলাম দুবলা গাছ; ওকে বাড়তে দেই। দিলাম গন্ধরাজের তিনটি ডাল কেটে, আরে ওতো সাইজে বড়ো ও ঠিক সয়ে নেবে। এদিকে বেলফুল গাছ তরতর করে বেড়ে উঠলো, কিন্তু সেই বৃদ্ধি হোলো অনিয়ন্ত্রিত ভাবে, জংলী বেগে। গন্ধরাজ একডাল নিয়ে দাড়িয়ে রইল।
কিছুদিন পরে দেখলাম গন্ধরাজ বহুকষ্ট সহ্য করে প্রথম ফুল ফুটিয়ে তুলল। ফুলটা হেসে আমাকে গন্ধ ছড়িয়ে বুঝিয়ে দিল আমি পালক শাসক হয়ে ঠিক কি ভুল টা করেছি! আমি গাছেদের থেকে নিরপেক্ষতা আশা করে নিজেই পক্ষ নিয়ে নিয়েছি!
সাথে সাথে বেলফুল গাছ টাকে অন্য আরেকটা ঠিক পাশের টবে স্থাপন করলাম; শাখা প্রশাখার অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ন্ত্রণ করলাম- কেটে দিলাম! তারপর সমপরিমাণ জল, সার মাটি এবং নিরপেক্ষ ব্যবহার দিলাম পাশাপাশি দুই ভাই কে। টানা এক বছর ধরে।
আজ তৃতীয়বর্ষে, নববর্ষে দুই গাছ নিজেদের সেরা উপহার দিয়েছে আমাকে। দুজনেই ফুলে সেজে উঠেছে। ডালে ডালে মিতালি হচ্ছে, ভ্রমর দুই ফুলেরই মধু আরোহণ করছে। দুই গাছ একটা সুন্দর নতুন নববর্ষ ভালোবাসার স্বাক্ষর স্থাপন করেছে- আর শিক্ষাও দিয়েছে আমাকে।

পুনশ্চ: লালন কর্তা, শাসক, পালক কে নিরপেক্ষ হতে হয়। দেশের সর্বকালের এক মহান নেতাও বলেছেন রাজধর্ম পালন করুক শাসক। যা দুটো ফুল আজ অনুভূতি তে আমার মতো এক সাধারণের মধ্যেও প্রস্ফুটিত হোলো।শাসক সমান ভাবে দেখলে দুইয়ের মধ্যেই ফুল ফুটবে, প্রকৃতি নবরূপে সেজে উঠবে। সেই ভালোবাসা, সৃষ্টি আনন্দ অনাবিল। মিটে যাক বিভেদ, দুইজন কে সমান চোখে দেখে সমান ব্যবহারে এক স্বর্গীয় অনুভূতির প্রকাশ ঘটুক এই নববর্ষে।

©️অভ্রজ্যতি ঘোষ।শুভ  নববর্ষ ১৪৩২।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"