দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর।দলে দলে বিরোধিতা আজ কর।।
দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর।
দলে দলে বিরোধিতা আজ কর।।
পৃথিবীতে তিনদল এর মানুষ থাকে। সেই ছোট বেলায় পড়া নীতিকথার গল্পের মতোন। একদল-শতদল-সহস্রদল; না শতদল এর সাথে "শতরূপ" এর দল এর যোগের কথা বলছি না! সেই তিন মাছের গল্প, পুকুরের জল তুলে নেওয়া হবে দেখে আগে সতর্ক একদল, জল তোলার আগের মুহূর্তে বেরিয়ে আসা শতদল আর একদম শেষে জল তুলে নেওয়ার পরে মড়ার মতোন থেকে পালিয়ে বাঁচা সহস্রদল মাছ তিনটের গল্প। আচ্ছা এ কি শুধুই মাছের গল্প ছিলো? না- এ দল হোলো যুগযুগ ধরে বয়ে আসা মানুষের ঢল। আচ্ছা ব্যপারটা আজকের প্রেক্ষিতে নীতিমালার গাঁথায় বেঁধেই একটু ভাবনা গুলো কে মেলে দিলে কেমন হবে ? দেখি -
"একদল"- হোলো সেই সব মানুষ যারা পূর্বাভাস পায় বিপদের, এবং তৎক্ষণাত প্রতিকার এর ব্যবস্থা নেয়। উদাহরণ চাইছেন? ধন্যি ছেলের অধ্যাবাসায় উনিশ টি বার ধাক্কা খাবার আগেই এরা বুঝেছিল! ঐ যে ঐ লোক গুলি যারা- "দামাল" ছেলেদের "দুষ্টু" ঘটনায় সিন্দুরে মেঘ দেখে বুঝেছিলেন দুষ্টু গরুর থেকে "শূণ্য" গোয়াল ই ভালো। পার্কস্ট্রিট-কামদুনি- বগটুই এ একদলের স্বর সেই ভাবে উঠলেও পাশে কেউ আসেনি, কেউ সাথ দেয়নি। ফলাফল হলাহল- অনেকটা পথ পেরিয়ে দু:স্বপ্ন রা আজ ধরা দিয়েছে শহরে, আর জি করে!
এইবার "শতদল" -বর্তমানে এঁদের সংখ্যা একটু বেশী। দুয়ারে আগুন প্রকল্পে এই মানুষ গুলো সারা দেশের প্রব্লেম যখন নিজের ঘরে-শহরে দেখতে পায় তখন ই একমাত্র প্রতিকার এর ব্যবস্থা নেয়। বাকি সময় টা "মেনে নিন চারদিকে চলছে আচ্ছে দিন"! এদের সব সময় "খতরে মে হ্যায়" এর ভাবনার থেকে মানুষের যা সমস্যা সেইগুলির দিকে নজর দেওয়ার সময় সমাগত।
আর সহস্রদল- ধুশ ওদের নিয়ে আমরা কি বলবো? ওদের সহস্রবুদ্ধি- এক কথায় বুদ্ধিজীবী! ওরা কিন্তু বিপদ এর পরোয়া করে না, কারণ- ওরা তো সেই বিপদ এর ই অংশীদার-তাবেদার। তাহলে শেষ অব্ধি এরা কিভাবে বাঁচে?বুদ্ধি বেচে।
যখন দেখে বিপদ একদম শিয়রে শমনে তখন নদীর একূল বলে ছাড়িয়া নিশ্বাস ও পারেতে সর্ব সুখ আমার বিশ্বাস! ব্যস দলে থেকে দমবন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অসাড় গল্প বানায়। তারপর ছুটি ছুটি বলে বাঘা রে, এইবার পালারে।
পুনশ্চ: শতদল এর আজ জেগে ওঠার দিন। একদল অনেক আগেই জাগ্রত। সহস্রদল আসবে না, কিছু বলবে না। এখানে যা বলেছি "বিশেষণে সবিশেষ"। যদি কেউ কিছু বুঝতে পারেন হ্যা একদম ঠিক বুঝেছেন। না বুঝলে নীচের লাইন দুটো রইলো
দুইয়ে মিলে করো কাজ।
মানুষ জাগ্রত, বুঝবে হীরক রাজ।।
©️অভ্রজ্যোতি ঘোষ।। ১১ আগস্ট ২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন