ল্যাম্পপোস্টের আত্মপোস্ট
ল্যাম্পপোস্টের আত্মপোস্ট
তোদের সমস্যা টা কি বল তো? না সত্যি করে বল- সমস্যাটা ঠিক কোথায়? কথায় কথায় আমাকে টেনে এনে মিথ্যে ট্যাগিয়ে দিস। আমি তোদের কেসি নাগের অঙ্কে গাড়ির দূরত্ব অতিক্রমে জ্বালিয়ে ছেড়েছি বলে এই ভাবে অপমান করবি? কে কিভাবে জামা-শাড়ি পড়বে সে নিয়ে ভাষণ দিতে গিয়ে আমাকে টেনে আনতেই হবে? ভেবে দেখতো আমার নীচে দাড়ানো পাবলিকদের এই ভাবে কি কথা না শোনালেই চলছিলো না! এতো টাই অপংক্তেয় আমি!!! সেই গ্রীস দেশে তেলের-বাঁশের বাতি থেকে শুরু করে ব্রিটিশ গ্যাসে ফুলে ফেপে আজ ডিজিটাল ইণ্ডিয়া কে উজলা করে চলেছি তবুও তোদের বাঙালি মনে অন্ধকার দূর করতে পারলাম না। অথচ ভেবে দেখ, তোরা এক বিন্দু কানাকড়ি না দিয়েও যে-যেখানে-যে-দেশে খুশী বিনাবাধায় আমাকে গ্রহণ করিস। আলো-ফোন-নেট গুচ্ছের ইলেকট্রিকের তার বহন করে, তোদের অন্ধকারে আলো জুগিয়েও সত্যি করে বলতো- ল্যাম্পপোস্টের নীচতলা কে প্রদীপের তলার মতন অপ্রাসঙ্গিক ভাবা টা কি সত্যি যুক্তিযুক্ত? সত্যি কি আমার নীচ এতোটাই তুচ্ছতাচ্ছিল্য প্রাপ্য ছিল?
তোদের কি মনে পড়েনি যাদের উদ্দেশ্য করে এই ভাষণ সেই নারী জাত টার লেখাপড়া -নতুন ভাবে বেঁচে ওঠার বীজ বপন হয়েছিল আমার নীচতলা থেকেই। আমার ছড়িয়ে দেওয়া আলোতে সমাজ বিদ্যার সাগরে ভেসে উঠেছিল। ঈশ্বরের জ্ঞান চর্চায় ধন্য সেই স্থান ঈশ্বরের চন্দ্র আভায় সম্পূর্ণ- বর্ণপরিচয় এর নিজ শিক্ষা লাভেরর ভিত পোক্ত হয়েছিল ল্যাম্পপোস্টের নীচে বসেই।
ওহ, না ! এবার একটু লজ্জা পাচ্ছিস- তাই না? এতো টাও সেন্টু খাস না। আসলে আরো একটা বাক্যে আমি ফিলিং লাইক - "অনুপ্রেরণা" র "অনুকম্পা"।
রাজ্যে একটাই পোস্ট আর বাকি সব আমি- আর কিছু নেই- যা হুস হুস-তোরা চলে যা! তোরা তো নগন্য। যা কিছু বল গিয়ে তোরা, তোদের কথায় কি আসে যায়!
©️অভ্রজ্যোতি ঘোষ। ২০/০৩/২০২৪
চিত্র- ইন্টারনেট থেকে প্রাপ্ত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন