বর্ষশেষে হর্ষে হেসে আসে হ্যাপি নিউ ইয়ার।বছর-বছর লড়াই করেন ভীষ্ম আর গোপাল ভাঁড়।।
নতুন বছরের দোরগোড়ায় এই সব কি লিখছি বলুন তো ? ভীষ্মের সাথে নাকি গোপাল ভাঁড়ের লড়াই হচ্ছে। লড়াই-যুদ্ধ এই সব ক্ষেত্রে ভীষ্ম হলেন প্রণম্য। তাও তাঁর সাথে যদি অর্জুন-কর্ণ বা নিদেন পক্ষে কোনো এক বিখ্যাত ঐতিহাসিক সমর বিশারদ সেনাপতিকেও যুযুধান দৃশ্যে স্মরণ করতাম তাহলেও না হয় তুলনাটার হয়ত ভারসাম্য সম্মান দুইই রক্ষিত হোতো। কিন্তু না,হাজার চেষ্টা করলেও মন বারংবার ভীষ্ম এর সাথে গোপাল ভাঁড় কেই লড়তে দেখছে মানসপটে, উফ্ফ সে কি অত্ভুৎ দৃশ্য বলুনতো?ওহ, এই কল্পনা গুলো কি ভাবে যে আসছে সেটা জানতে চাইছেন? হ্যা, তাই তো! আপনাদের এই বিষয়টি অজ্ঞাত রেখেই এই লড়াই এর অবতারণা করে চলেছি! আচ্ছা, সংক্ষেপে তাহলে একটু চেষ্টা করি আপনাদের কাছে এই গুরুতর বিষয়টা পৌছে দিতে!
বছরশেষের হিসাব মিলিয়ে দেখছিলাম ,ঐ যে দুয়ারে ইয়ার এসে গেছে- নতুন ইয়ার ।এই হিসাবের মঝে হঠাৎ দেখি একটা বার্তা ঢুকেছে মনের মুঠোফোনে। সেই বার্তায় আমাকে উদ্দেশ্য করে লেখা হেডিং: প্রথম লাইন - "আপনি এই বছর আপনার ক্রেডিট ডিফল্টার হয়েছেন।"
আমি হঠাৎ বার্তার হেডলাইন দেখে হতচকিত হয়ে ভাবলাম: "আরে, একি বলছে! কোথায় আবার এই বছর কি লোন নিলাম আর তা শোধও করিনি?কিছুই তো মনে পড়ছে না। ধুত্তোর, দেখি কি লিখেছে বার্তায় বিস্তারিত ভাষ্যে "। পড়তে শুরু করলাম :
"মহাশয় গত বছরএর শুরু তে আপনি কয়েকটি ব্রত নিয়েছিলেন। ও, মশাই বোধহয় ব্রত বুঝলেন না। আচ্ছা "ভোও" বললে বুঝতে পারছেন,যদি কিঞ্চিত আনকমন লাগে ধরে নিন আপনি একটা মানসিক পলিসি টাইপেরই কিছু করেছিলেন। সে যাই হোক দুর্ভাগ্যবশত সেই সব কটি পলিসিই আজকে বছর শেষে ঋণের দায়ে বল্লভপুরের রাজা বাহাদুর হয়ে ঘুরছে। অবাক হচ্ছেন! ভেবেই পাচ্ছেন না কি ব্রত কি পলিসি কি ঋণ খেলাপ? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আপনার যদি স্মরণে থাকে তাহলে ভেবে দেখুন আপনি ঠিক এক বছর আগে আজকের দিনে ঠিক কি-কি বলেছিলেন? মনে পড়ছে? ওহ আচ্ছা- আপনার স্মৃতি বড়ই উর্বর দেখছি; তাই বারংবার মনে করিয়ে দিতে হয়!
আপনি গত বছরের শুরুতে কিছু মহাপ্রতিজ্ঞা করেছিলেন: মিষ্টি খাবেন না, প্রত্যহ শরীরচর্চা করবেন- ইত্যাদি। আর এই সব প্রতিজ্ঞা-পলিসি পালনে ব্যর্থ হলে আপনি এক বছর সব রকম নিমন্ত্রণ-বিয়ে বাড়ি-জন্মদিন-পিকনিক পার্টি থেকে অজ্ঞাতবাসে চলে যাবেন- এরকম ভীষণ প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে আপনি এযুগে ভীষ্ম প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছিলেন!আপনি এক মহানকীর্তিকলাপ করতে চলেছেন এই দেখে সমাজও চমতকৃত হোলো এ যুগের ভীষ্ম প্রতিজ্ঞা অবলোকনে। কিন্তু.....
এ কি!তারপরে এ কি করলেন আপনি ? প্রতিজ্ঞাবদ্ধ হবার আধ ঘন্টার মধ্যে হ্যাপি নিউ ইয়ার ভজন কালে একটি আস্ত গুজিয়া মুখে গুজে দিলেন, ব্যস প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করলেন! তারপরেই জিভ কেটে বললেন ছোট্ট গুজিয়া খেলে পাপ হয়না, এতো ঠাকুরের প্রসাদ। ব্যস এক টুকরো গুজিয়া আপনার প্রতিজ্ঞার বাসর ঘরে পাপের ছিদ্র করে ঢুকে পড়ল , শেষে আপনি মিষ্টির পরিমাণ দিনে একটি থেকে দিনে পাঁচটি করে দিলেন। এখন বছর শেষে দেখা যাচ্ছে আপনি আপনার পেটে পুরো মিষ্টি হাব বানিয়ে ফেলেছেন।না, এতেই ক্ষান্ত হননি আপনি! এরপরের প্রতিজ্ঞাও পরীক্ষা প্রার্থনীয় হয়ে অল সাবজেক্ট এ ফেল করেছে।
প্রথম দুইদিন নতুন শরীরচর্চার পোশাক পরে পোজ দিয়ে সমাজমাধ্যমে কমেন্টপ্রাপ্তাভিলাষী সুবোধ বালকের মতন লিখে দিলেন "দেখো এবার কমছি আমি"। কালে-কালে কালচক্র দেখল সত্যি আপনি কমিয়েই দিলেন , না মানে শরীর চর্চার সময়ের কথাই বলছিলাম আর কি। দুই চারদিন পরে সদ্য অনলাইন থেকে অফারে কিনে আনা ট্রেড মিলটিকে জটায়ু র মতন ভঙ্গিতে বললেন- "তাঙ্গ মাত করো, জাদা হো গায়া, বহুত হো গায়া" দুই দিন দৌড়েই সেই ট্রেড মিল আপনার থেকে একটি নতুন দায়িত্ব অর্জ্ন করল! বছরভর সে আপনার সদ্য ধৌত জামাকাপড় এর জল ঝরাতে ব্যবহৃত হোলো, কি উচ্চ বিচার- কি সুন্দর ব্যবহার মেদ ঝরার মেশিন জল ঝরাল, কিছু তো ঝরল! এরপরে ও আপনি শরীরচর্চা থেকে কিন্তু মুখ ফিরিয়ে চলে যাননি।বছরভর চালিয়েগেলেন প্র্তিকী শরীরচর্চার নামে চক্ষুমুদে অপূর্ব শয়নাসন।এত কিছু করেও আপনি কিন্তু প্রতিজ্ঞা রক্ষার দোহাই দিতে ক্ষান্ত হলেন না। যখনই কোনো নিমন্ত্রণের ডাক পেলেন অজ্ঞাতবাসের "ভীষ্ম-প্রতিজ্ঞা" কেই বনবাসে পাঠিয়ে দিলেন। মনে মনে গোপাল ভাঁড়ের স্মরণে এলেন। গোপাল ভাঁড়ের প্রতিশ্রুতি ছিল পেট ব্যথা কমিয়ে দিলে মা কালী কে সে জোড়া পাঠা বলি দেবে- মা কালী বারং বার ব্যথা কমাতেন আর তিনি প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় দ্বিতীয় তৃতীয় স্তরে নতুন প্রতিশ্রুতিতে আবেদন নিবেদন নিয়ে যেতেন । সেক্ষেত্রে জোড়া পাঠা ভায়া জোড়া মুরগী হয়ে শেষে জোড়া চড়ুই এর নিবেদনে এসে দাড়িয়েছিল। আপনিও গোপাল ভাঁড়ের অনুপ্রেরণায় করজোড়ে বলে উঠলেন "ঠাকুর সব বোঝো এটা বোঝো না!"
ওহ আচ্ছা, আজকে তো আবার নতুন বছর শুরু হোলো।যাক গিয়ে আগের বছরের ৩১ ডিসেম্বরের থেকে নতুন বছরের পয়লা জানুয়ারির দোরগোড়ায় আমরা আপনার সব ঋণ মকুব করে দিলাম। আপনি আবার নতুন করে প্রতিজ্ঞা "ঋণীউ" করুন। "আসছে বছর আবার হবে- বছর বছর প্রতিজ্ঞা চলবে- হ্যাপি নিউ ইয়ার"। "
উফ্ফ, এই অব্ধি মেসেজটা পড়ে খুব ক্লান্ত লাগছে যাই একটা মিষ্টিযোগে বছর টা শুরু করি-
ও হ্যা আপনাদেরও হ্যাপি নিউ ইয়ার জানাই, মিষ্টিমধুর একটি বছর কাটুক সবার।
©️অভ্রজ্যোতি ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন