"পাচ্ছে হাসি হাসছি তাই । নিজের বেলা কোনো দোষ নাই ।।"
কি অনাসৃষ্টি বলুন দেখি , ভাবলেই কেশ দণ্ডায়মান। তুই ছুড়ি একটা ইংরাজি বলতে পারিস না, আবার ধর্মঘট করছিস। তোর মা ক্ষেপে গিয়ে বলছে মেয়ে ইংরাজি তে বার্তা পাঠায় সে তো পাশ করবেই। আরে দূর দূর তোরা কি বুঝলি কেন তোরা ফেল করেছিস?
ঐ যে বিজ্ঞ বিচিত্র সর্ব ব্যাপী জ্ঞানী কাকু কে দেখছিস; তোর "আমরেলা" র ব্যপারে বিশেষ জ্ঞান প্রদর্শন করছে মাথা দুলিয়ে ঘাড় নাড়িয়ে। সে কিন্তু মোবাইল ব্যবহার করেও তোকে বার্তা পাঠায় সুন্দর ইংরেজি তে। ইংরেজি টা শেখ রে মেয়ে , চল তোকে একটু শেখানোর প্রচেষ্টা করি।
জলদি পড় কাকু কি বার্তা দিয়েছে। ছোট বেলায় আমরা জোরে জোরে পড়তাম। তুই জোরেই পড় । দেখি চেষ্টা করে; পড়তে পারিস কিনা ইংরাজি।
"amo bala achi . Tui ki krchs? English jans na, laja hche tder pajamma dake" ::
আমো বাল আ আছি, তুই কি ক্রছস। ইংলিশ জান্স না, ল্যজা হ্ছে টিদের পাজামা ডাকে"
কি ! কি পড়ছিস ? তুই কি বাংলাও পড়তে পারছিস না: ছি: । কাকু কিন্ত ১০ বছরে মোবাইল থেকে বাংলা লিখতে শিখে গেছে, ইংরেজি হরফে লেখে বাংলা । সেটাও বুঝঝিস না ছি:।
আহা ব্যাপার টা বোঝ, কাকু কে তো আর কোনো পরীক্ষা দিতে হবে না তাই তো কাকু বাংলা অক্ষর কে ইংরেজির মোড়কে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে তুলে দিতেই পারে, হাজার হোক ইংরেজি তেই তো বাংলা লেখে কাকু। তাই কাকুর বলার অধিকার আছে ; ইংরেজি জানিস না কেন বলে শাসন করার সামাজিক অধিকার ও আছে ।
তবে তুই একটা মস্ত ভূল করেছিস।
তুই তো ১০ বছর ধরে একটা প্রজন্ম কে দেখেছিস এই ভাবেই লিখতে। এটা তোর দোষ। ভেবেছিলি যা ইংরেজি তাই বাংলা। তাইতো হাসতে হাসতে বলে দিলি "আমরেলা" । সত্যি রে কি রেলা!!!
কে বলেছে বড় দের অনুকরণ করতে ? তুই আগে গণ্ডী পার হ, তারপর এই সব করবি ।
চেষ্টা কর একটা বছর শুদ্ধ বাংলা পড়তে, শুদ্ধ ইংরেজি পড়তে। ইংরেজি বিশেষ জানিস না কোনো লজ্জা নেই, অনেকেই অনেক কিছু জানে না, সুযোগ পেলে শিখে নেয় । তোকে তো এক বছরের একটা সুযোগ দিয়েছে, ইংরেজি হয়ত তোর কাজের ভাষা হতেই পারে পরবর্তী কালে, শিখে নে , না পারলে জিজ্ঞেস কর , এই সমাজ তোকে নিয়ে যেমন মজাও করতে যেমন পারে তুই কিছু জানতে চাইলে এগিয়েও আসতে জানে ।
তোর কিছু বিষয় খামতি আছে । সেটা তোকে নিজেকেই ঠিক করতে হবে।
আজকে পথ অবরোধ করে ৬০ জন মিলে সবাই কে আটকে দিতে পেরেছিস সেই ৬০ জন মিলে এক হয়ে পড়তে থাক। তোদের ক্ষমতা আছে তাই এক হতে পেরেছিস, সেই এক হওয়া টা একটি ধনাত্মক দিকে নিয়ে যা, আজকের মতন ঋণাত্মক কিছু করিস না ।
এক দল এক মন্ত্র হয়ে বল : আমরা শিখবই, শিখব আমরা পারব ।
প্রতিদিন একটু একটু করে এগোতে থাক । ৩৬৫ দিন অনেক টা সময়। শিখে যাবি। তোকে এত কিছু বলার কারণ তুই একটা পর্যায়ের শেষ ধাপে পৌছে গেছিস । সেখানেই থেমে থাকিস না। সামনে অনেক সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকবে।
যাই হোক ইংরেজি শিখে সেই কাকু কে বার্তা টা তুই ইংলিশ এই প্রেরণ করিস।
কাকু কিন্তু বড্ড ভালো, তোকে স্নেহ বার্তা পাঠাবে "anak bara ho, onnoti kar. Ami jntm tui bala maya"।
আসলে আমিই তো তোর সেই কাকু যে হো হো করে তোকে নিয়ে সারাদিন হেসেছি, কিন্তু ঘুমোতে এসে এই সব ভবনা গুলো মাথায় এল। ঘুম আসছিল না। তোকে সব জানিয়ে দিলাম। এই দেখ তোকে জ্ঞান দিতে গিয়ে আমি নিজে কতকগুলো বানান ভূল করে ফেললাম হয়তো। যাক আমারতো আর পরীক্ষা নেই। ভালো ভাবে এগিয়ে চল। জিতে যাবি। হারিয়ে যাসনা শুধু।🤝
©️অভ্রজ্যোতি ঘোষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন