লুডো যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র গুটি।।
পুত্র এখন লুডো খেলতে শিখেছে, এবং খেলার সাথে সাথে বেশ উত্তেজিত হয়ে যায় । প্রথম প্রথম তার ঠাকুমা ,দাদু , মা কে বশ করে ভালো ই ম্যাচ ফিক্স করত। ঘরের মাঠে স্বঘোষিত নিয়ম হল
ছেলের গুটি বড় রা খাবে না, গুটি খাবার চাল গুলো বাদ, তাকে কেউ হারাতে পারবে না। জয় হবে শুধু হীরক রাজের।
তো রাজ্য স্তরে বেশ চলল এই বোঝাপড়া টা। যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী এসে বলল এইবার খেলা হবে।
একদিন আমি আর ভাই দেখলাম কাজ তাড়াতাড়ি মিটে গেছে। দুজনেই যোগ দিলাম লুডো খেলায়। ছেলে, ছেলের মা, দাদু এক টিম; ঠাকুমা আরেক টিম; কাকাই আরেক টিম আর বাবা মানে আমি আরেক টিম। শুরু হল লুডো র লড়াই।
প্রথমে বেশ কিছু দান দিয়ে ছেলে এগিয়ে এল। একে একে ঠাকুমা ও তার কাকাই ও বেরিয়ে পড়ল দিগ্বিজয় করতে। আমি মোটামুটি কুয়োর ব্যাঙ। সব পড়ছে 6 পড়ছে না। ওয়েটিং লিস্ট এ দাড়িয়েই রইলাম।
যাই হোক কিছু দূর গিয়ে দেখলাম ঘটোত্কচ কর্ন বিষম যুদ্ধ হচ্ছে। ভাইপো দুম করে কাকাইর সব গুটি ঘরে ফেরত পাঠিয়ে দিল । সে কি উল্লাস তার।
ওদিকে ঠাকুমার গুটি যেই তার গুটি খাবে খাবে করছে সাথে সাথে ছেলের হৃদয়ে মোটাভাই এর আবির্ভাব হল। "মি তুমি কি আমায় খাবে, আমরা প্রতিদিন এক সাথে খেলি তো, তুমি আমি বন্ধু বন্ধু" । ব্যস জোট সঙ্গী পেয়ে গেল।
হঠাৎ মঞ্চে আমার তিনটে গুটি টুক টুক করে বেরিয়ে এল ট্রয় এর ঘোড়ার মতন। ছেলে জোটসঙ্গী হতে এসে বিফল হল । দু:খে বলে উঠল "এই বাবা টা খুব পাজি" । মনে মনে ভাবলাম "পাজি হলাম ঠিক আছে, কিন্তু এই বাবা টা মানে কি!!!!"
যাই হোক আমি দুষ্টু লোক হয়ে সামনের গুটি গুলো ভ্যানিশ করে দিলাম, ছেলের মন গেয়ে উঠল "রাজা বড় ধনে কাতর টুনটুনির টাকা নিল ঘরের ভিতর"। ছেলের সাথে জোট সঙ্গী ঠাকুমা ও কুপোকাত হল। ভাই এর গুটি গুলো তো অনেক আগেই গার্হস্থ্য ধর্ম পালন করছে।
ছেলের হঠাৎ মনে পড়ল তার ক্যডার বাহিনী একদম কাজ করছে না ফিল্ড এ। তাই তার সব গুটি গেছে ঢুকে। মা ও দাদাই র উপর কড়া বার্তা কড়া হুমকি বর্ষিত হল।
যাই হোক খেলা চলল এগিয়ে। আমার তিন গুটি ই পাকা হল সবার আগে। বেশ একটা মুশফিকুর মুশফিকুর ভাব মনের মধ্যে।
কিন্তু ওদিকে পলাশীর প্রান্তরে আমার বিরুদ্ধে দেখলাম ষড়যন্ত্র হচ্ছে।শেষে আমার ভাই ও ক্লাইভ হয়ে যোগ দিল বিরোধি শিবিরে। আমার শেষ গুটি যেই বের হয় একটু পরেই আবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরে আসে। ছেলের সে কি মজা।।
শেষ মেস ভাই এর সব গুটি উঠে গেল , ছেলের , ছেলের ঠাকুমার সবার গুটিই পাকা হল।
আর "হরি দিনতো গেল সন্ধ্যা হল পার করার" মতন আমি আর আমার শেষ গুটি রইল পড়ে🤦♂️😌 ।।
©️অভ্রজ্যোতি ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন