মোদের হরফ বাংলা লেখা,অক্ষর পথে আঁকা কতো রেখা!
মোদের হরফ বাংলা লেখা, জানতে কি চাও- অক্ষর গুলোর পথচলা? আচ্ছা, এই যে অক্ষর গুলো লিখছি দিনের পরদিন, মানে মনের ভাব- ভাষা প্রকাশ করছি সেই বাংলা আক্ষরিক চিহ্ন গুলো এলো কোথা থেকে বলুন তো? খুঁজতে শুরু করে অবাক হয়ে গেলাম। একটু একটু করে পিছন পানে গিয়েছি আর বিস্ময়কর অক্ষর ইতিহাস খূঁজে পেয়েছি। ও মা! এই পেছন পানে ঘুরতে গিয়ে দেখি বাংলা অক্ষরের উপর দিগ্বিজয়ী সম্রাট, রাজা, বিদেশী বণিক, কর্মকার, বিদ্বান, এপেল করপোরেট থেকে বাংলাদেশী অনেকেই হাত বুলিয়েছেন; পরম যত্নে- লালন করে স্নেহ দিয়ে কলেবরে বৃদ্ধি করার সাথে যুগোপযোগীও করে তুলেছেন! শুনবেন নাকি সেই অক্ষর যাত্রা পর্ব? -চলুন তাহলে একবার ঘুরেই দেখা যাক বাংলার অক্ষর অভিযান! ১। ওহ, খ্রিস্টপূর্ব ২৭০! ঐ তো দেখতে পাচ্ছি মৌর্য সম্রাট অশোক এর অনুপ্রেরণায় ব্রাহ্মী লিপি ফুটে উঠছে প্রায় ২৩০০ বছর আগে। ২।তারপর ? চারশ বছর পরে কুষাণ সম্রাট কনিস্ক এর মাথায় ঘুরছে পরিবর্তিত পরবর্তী ব্রাহ্মী লিপি। আহা, এখন কনিস্কের মাথা নেই তো কি হয়েছে, তখন তক্ষশীলা পৃষ্ঠপোষক এর মাথায় অনেক কিছু ছিল, ব্রাহ্মী লিপি নিয়ে পরীক্ষাও ছিল দ্বিতীয় পর্যায়ে। ৩। এর ঠিক ৪০০ বছর পরে ঐ যে দেখুন বাংলা...